ডামুড্যায় নিহত নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে ইউএনও, আর্থিক সহায়তা প্রদান
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত শ্রমিক মো. ফারুক হাওলাদারের পরিবারের খোঁজখবর নিয়েছেন উপজেলা প্রশাসন।সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইকারী গ্রামে নিহত ফারুক হাওলাদারের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী। এ সময় তিনি নিহতের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটির হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।ইউএনও মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “কয়েকদিন আগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে ফারুক হাওলাদার নামে এক নির্মাণ শ্রমিক মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারের খোঁজখবর নিয়েছি এবং মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করেছি।”উল্লেখ্য, গত রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকার এ সামাদ ইসলামী একাডেমির পাশে প্রবাসী ফেরদৌসীর নির্মাণাধীন চারতলা আবাসিক ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে মো. ফারুক হাওলাদার (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৭:২৯
মেডিক্যালের সব ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা
দেশের সব সরকারি–বেসরকারি মেডিক্যালের ক্লাস–পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্তের কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় ইতিমধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় আজ থেকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার থেকে মেডিক্যাল কলেজের ক্লাস-পরীক্ষাও বন্ধের এ সিদ্ধান্ত জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১০/৩/২০২৬ হতে পবিত্র ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছুটি পর্যন্ত দেশের সকল মেডিক্যাল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটগুলোর ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।’
৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:২৮:০৭
হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ‘মব’ হিসেবে দেখার প্রবণতা নিয়ে সতর্ক করে তিনি বলেছেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়, অনেক ক্ষেত্রে সেগুলো বিচ্ছিন্ন অপরাধ।সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তালিকা প্রকাশ করলে অনেক সময় তা রাজনৈতিকভাবে প্রভাবিত হয় বা বিভিন্নভাবে বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। তাই আমরা পেশাদারভাবে এই তালিকা তৈরি করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এছাড়াও কক্সবাজার সমুদ্রসৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, কক্সবাজার আমাদের দেশের গর্ব। এটিকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে হবে। সৈকতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো জেলা প্রশাসনের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলা হবে।দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ বা কোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:২১:২২
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ১২৫৫
প্রায় নয়দিন ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। গত সপ্তাহে ইরানে আকস্মিক যৌথ অভিযান শুরু হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ইসরায়েলের বিভিন্ন অংশের পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে হামলা চালায়।এদিকে গত নয়দিনে ইরানে ১ হাজার ২৫৫ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও ১২ হাজার মানুষ আহত হয়েছে। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান আল জাজিরার সঙ্গে গত নয় দিনে নিহত ও আহতদের সংখ্যা সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ১২ জনেরও বেশি মানুষ আহত এবং প্রায় এক হাজার ২৫৫ জন নিহত হয়েছে।নিহতদের বয়স আট মাস থেকে ৮৮ বছর। নিহতদের মধ্যে ২০০ জন নারীও রয়েছেন। মিনাব প্রাথমিক বিদ্যালয়ে ১৬৮ জন শিশু নিহত হয়েছে। এছাড়া ৫৫ জন স্বাস্থ্যসেবা কর্মী আহত এবং ১১ জন নিহত হয়েছেন যাদের মধ্যে চারজন চিকিৎসক, দুইজন নার্স এবং তিনজন জরুরি কর্মী রয়েছেন।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:০৫:৪৩
সারাদেশে ৩৭৫৬৭ জন নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড'
পাইলটিং পর্যায়ে সারা দেশে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।সোমবার দুপুরে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।মন্ত্রী বলেন, সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্ট বা দারিদ্র্য সূচক মানের ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনোরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের অবকাশ নেই।তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের বিষয়টি সরকারের অন্যতম অঙ্গীকার। এরই অংশ হিসেবে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।আগামীকাল (১০ মার্চ) সকাল ১০টায় বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠ (কড়াইল বস্তিসংলগ্ন) এলাকায় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন।মন্ত্রী আরো বলেন, পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩ সিটি কর্পোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।সমাজকল্যাণমন্ত্রী বলেন, পাইলটিং পর্যায়ে সারা দেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পাইলটিং পর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি পরিবারের প্রক্সি মিনস টেস্ট বা দারিদ্র সূচক মান নির্ণয়ের মাধ্যমে পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীতে বিভক্ত করা হয়েছে।হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত ৫১ হাজার ৮০৫টি খানার (Household) তথ্য যাচাইয়ে ৪৭ হাজার ৭৭৭টি খানার তথ্য সঠিক পাওয়া যায়। প্রাপ্ত তথ্য থেকে ডাবল ডিপিং (একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ), সরকারি চাকরি, পেনশন ইত্যাদি কারণে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩২:২৮
জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি
গণমাধ্যমের সঙ্গে সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘গণঅভ্যুত্থান বা জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার। আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এ ব্যাপারে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে (ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ ও অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৯:৩৫
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। ব্যাক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেয়ার পর এই প্রথম কোন প্রসিকিউটর পদত্যাগ করলেন।এদিকে আজ সোমবার আরও দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।তারা হলেন মাজিনা রায়হান ( মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিন। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এসব নিয়োগ নিশ্চিত করা হয়।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:১২:৫৯
বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা
মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ৪টি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।রুটগুলো হচ্ছে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।বোসরা ইসলাম জানান, যাত্রীদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।তিনি আরও বলেন, পরে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টার : ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলেছে বিমান।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৯:৩৫
রাজনৈতিক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে কমিটি
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করেছে সরকার। মামলাসমূহ প্রত্যাহার কার্যক্রম গ্রহণ-সংক্রান্ত কেন্দ্রীয় এ কমিটির সদস্য মোট ছয়জন।৯ মার্চ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।এতে আরও বলা হয়, সরকার ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণ-সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে।কমিটির আহ্বায়ক হবেন মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্যসচিব হিসেবে কাজ করবেন।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩২:২৯
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
রাজধানীর মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে এল এ প্লাজা নামে একটি ১১ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিস এক খুদে বার্তায় জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে খবর পেয়ে ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।আগুন নিয়ন্ত্রণে আনতে ৪টি ইউনিট কাজ করছে। এ সময় মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জন পুরুষ, ১০ জন নারী। ১ জন নারীকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি সবাই সুস্থ।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:০০:৫১
ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মনিরুজ্জামান
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দিয়েছে সরকার।এই কর্মকর্তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দিয়ে আজ সোমবার অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে আছেন। ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে থাকার সময় প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা পাবেন।এর আগে ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম ব্যাপারী গত রোববার পদত্যাগ করেছেন।
৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৮:৪২
যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। সোমবার (৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। আইএসপিআর জানায়, যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বৈমানিক নিরাপদে আছেন এবং বিমান এর কোন ক্ষতি হয়নি।
৯ মার্চ ২০২৬ দুপুর ০১:৩৬:০৬
সতর্ক বার্তার পর সৌদির তেলখনি লক্ষ্য করে ফের হামলা ইরানের
সৌদি আরব সতর্কবার্তা দেওয়ার পরেও দেশটির অন্যতম বৃহৎ তেলের খনি শায়েবাহ অয়েলফিল্ড-কে লক্ষ্য করে ফের ড্রোন হামলা করেছে ইরান। ৯ মার্চ সোমবার ভোরের দিকে সৌদির শায়েবাহ তেলখনি লক্ষ্য করে ৪টি বিস্ফোরকবাহী ড্রোন ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।অবশ্য তেলখনিতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেসব ড্রোন ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছে সৌদি। দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এসব তথ্য।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র সৌদি আরব। দেশটিতে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাঁধার পর গত ৯ দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মার্কিন সেনাঘাঁটি, স্থাপনা ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান।৯ দিনে ৩ বার শায়েবাহ তেলখনি লক্ষ্য করে হামলার পর গতকাল রোববার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে, তাহলে চলমান যুদ্ধে দেশটির সর্বোচ্চ পরাজয় ঘটবে।এই সতর্কবার্তা দেওয়ার পর ২৪ ঘণ্টা পেরোনোর আগেই চতুর্থবারের মতো শায়েবাহ তেলখনিতে হামলা করল ইরান।সূত্র : আলজাজিরা
৯ মার্চ ২০২৬ দুপুর ০১:২৭:৪২
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন।নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।পারিবারিক সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।
৯ মার্চ ২০২৬ দুপুর ০১:১৫:২৮
নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ একযোগে বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।অবসরে পাঠানো বাকি চারজন অতিরিক্ত আইজিপি হলেন–আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ও মো. তওফিক মাহবুব চৌধুরী।রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৫ প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।বিস্তারিত আসছে...