তামিম হোসেন সবুজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬ রাত ০৮:৩০:৩৭
ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান: বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে শঙ্কা
এ অবস্থায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে বিদ্যালয়ের বারান্দা, সিঁড়ির নিচ এবং বিভিন্ন সংকীর্ণ স্থানে শিক্ষার্থীদের বসিয়ে পাঠদান করা হচ্ছে। অনেক শিক্ষার্থীকে খোলা জায়গা কিংবা অস্থায়ী ব্যবস্থায় তৈরি শ্রেণিকক্ষে ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে দুটি ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফলে একটি ভবনে অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে পাঠদান চালাতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত নতুন ভবন নির্মাণ না হলে শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিভাবকরা বলেন, সন্তানদের প্রতিদিন বিদ্যালয়ে পাঠাতে উদ্বেগে থাকতে হয়। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষার্থীরা স্বাভাবিক ও মনোরম পরিবেশে পড়াশোনা করতে পারছে না। দ্রুত নতুন ভবন নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরাও নতুন ভবনের দাবি জানিয়ে বলে, একটি কক্ষে অনেক শিক্ষার্থী একসঙ্গে বসে ক্লাস করতে হয়। এতে পাঠ গ্রহণে সমস্যা হয় এবং জায়গার সংকট দেখা দেয়। তারা সুন্দর ও নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ চায়।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছিল। প্রকল্পটি অনুমোদনও পেয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও নির্মাণকাজ শুরু হয়নি।
এ বিষয়ে শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বানু বলেন, “বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বাজেট বরাদ্দ হয়েছে। বর্তমানে পুরাতন ভবনগুলোর নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিলাম কার্যক্রম শেষ হলেই নতুন ভবনের নির্মাণকাজ শুরু করা হবে।”
এদিকে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দ্রুত নির্মাণকাজ শুরু করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলছেন, ভবন সংকট নিরসন না হলে শিক্ষার গুণগত মানের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।