রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬ রাত ১০:৫৬:৫৫
চামড়া শিল্প এখনও রপ্তানির সম্ভাবনাময় খাত, অবহেলায় পিছিয়েছে: শিল্পমন্ত্রী
শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে শিল্পমন্ত্রী বিসিক শিল্প নগরীর কার্যালয়ে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মন্ত্রী বলেন, “হাজারীবাগ থেকে যেভাবে চামড়া শিল্পকে সাভারে স্থানান্তর করা হয়েছে, সেই প্রক্রিয়ায় এ শিল্পকে অবহেলা করা হয়েছে। ফলে গত কয়েক বছরে চামড়া শিল্প তার কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে বছরে যে পরিমাণ চামড়া আহরণ হয়, তার পুরোটা যদি রপ্তানিমুখী শিল্পে ব্যবহার করা যেত, তাহলে এ খাত থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হতো।”
সিইটিপির বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এসময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিকের কর্মকর্তাবৃন্দ এবং ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।