রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৯:১৩
চোরদের সঙ্গে থানায় দেখা করতে এসে গ্রেপ্তার আরও ২
বগুড়ার ধুনটে ৯৪টি মোবাইল চুরির মামলায় গ্রেপ্তার আট আসামির সঙ্গে থানায় দেখা করতে এসে আরও দুজন গ্রেপ্তার হয়েছেন। সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মাদ মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮)। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকানে শাটারের তালা কেটে চুরি হয়। ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
মামলায় গ্রেপ্তার আটজন হলেন—চট্টগ্রামের আল আমিন, আক্কাস আলী ও হৃদয়; নরসিংদীর ইমরান; ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত এবং কুমিল্লার রবিউল ইসলাম, আলা উদ্দিন ও ইস্রাফিল রহমান। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ জানায়, আট আসামির সঙ্গে দেখা করতে গত ৩০ সেপ্টেম্বর রাতে থানায় আসেন মোহাম্মাদ মোস্তফা ও বাবুল চৌধুরী। তাদের থানায় আসার বিষয়টি ও আচরণ পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদেরও গ্রেপ্তার দেখানো হয়।
ওসি আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার মোস্তফা ও বাবুলের সঙ্গে আগে গ্রেপ্তার হওয়া আট আসামির কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহের ভিত্তিতে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।