ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৬:০০
রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে এসআরবি-১৫
কক্সবাজারের রামু উপজেলা বাইপাস স্টেশনে পৃথক পৃথক দুটি অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুইজন ব্যক্তিকে আটক করেছে এসআরবি-১৫।
শুক্রবার ( ২ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকায় এসআরবি-১৫, কক্সবাজারের একটি চৌকস যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু থানাধীন ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা, ১টি সিএনজি অটোরিক্সা এবং ২টি মোবাইল ফোনসহ মাদক কারবারি মো: শফি আলম (৪২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মো: শফি আলম বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত শহর আলী ও মৃত গুলবাহার দম্পতির সন্তান।
একই ধারাবাহিকতায় গত ০২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক দুপুর ১৪:৪৫ ঘটিকায় রামু থানাধীন ০৩নং ওয়ার্ডস্থ ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় অপর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯,৭৭৫ (উনত্রিশ হাজার সাতশত পঁচাত্তর) পিস ইয়াবা, ১টি সিএনজি অটোরিক্সা এবং ১টি মোবাইল ফোনসহ মাদক কারবারি মো. ইউনুছ (২০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মো. ইউনুছ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মো: শফি আলম ও আরেফা বেগম দম্পতির সন্তান।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।