রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:১৯
বগুড়ায় ৭২৫ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক কমিটি
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টায় সাতমাথা সনাতন মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি পরিমল চন্দ্র দাস। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল।
সভায় জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন। তাঁরা দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে মতামত দেন।
সভায় জানানো হয়, এ বছর বগুড়া জেলায় ৭২৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক তদারকি ও মনিটরিংয়ের জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার, গুজব প্রতিরোধে সতর্কতা, জেনারেটর ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া পূজামণ্ডপে নারী ও পুরুষের পৃথক যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সভায় বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমর সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকী, মহানগর সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়ালসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।