সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুন ২০২৬ সকাল ১০:৫৯:০৯
সীতাকুণ্ডে মাদক নির্মূলে জামায়াতের সহযোগিতা গ্রহণ করছে না প্রশাসন: আনোয়ার সিদ্দিক চৌধুরী
সীতাকুণ্ডে মাদক নির্মূলে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। তবে দলটির অভিযোগ, প্রশাসন তাদের সেই সহযোগিতা গ্রহণ করছে না। এমনকি উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায়ও জামায়াতের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি বলে দাবি করেছেন দলটির চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।
শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালি-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আনোয়ার সিদ্দিক বলেন, মাদক নির্মূল করতে হলে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে মাদকের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, উপজেলা জামায়াতের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো হলেও প্রশাসনের পক্ষ থেকে সে ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না। মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায়ও জামায়াতের কোনো প্রতিনিধি রাখা হয়নি। অথচ মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার ও বিরোধী দলের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।
সকাল ১০টায় পৌরসভার বায়তুশ শরফ মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ তাহের বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে ইসলামী জ্ঞান অর্জন ও তার অনুশীলনের বিকল্প নেই। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী বলেন, মাদকের ছোবলে সীতাকুণ্ডের কিশোর-যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ সমাজকে রক্ষা করতে হলে মাদক নির্মূল করা অপরিহার্য।
সভাপতির বক্তব্যে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সীতাকুণ্ড উপজেলা সভাপতি সামছুল হুদা বলেন, প্রশাসন দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে জামায়াতের যুবশক্তির সহযোগিতা গ্রহণ করলে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী করা সম্ভব। জামায়াতের হাজারো যুবক প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারে।
যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতের আমীর, মনোনীত চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।