ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ রাত ০৬:৫৮:৪৭
টেকনাফে বিজিবির অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক তিনটি অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। পরে নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনের ভেতরে অবস্থান নেয়। একপর্যায়ে তারা বস্তাগুলো নিয়ে বেড়িবাঁধ পার হওয়ার চেষ্টা করে।
এ সময় বিজিবির আরেকটি টহল দল স্পিডবোট নিয়ে কেওড়াবনের দিকে এগিয়ে গেলে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায় কারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে একই রাতে রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামে এক যুবককে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে আরেক যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে টেকনাফ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। এ সময় ক্যাপ্টেন মাহরাফ জামান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ১ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার পিস ইয়াবা জব্দের পাশাপাশি ২৪৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে সক্রিয় মাদক কারবারিদের অবস্থান ও তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।