রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ রাত ০৬:৪৩:০৬
সংসদে ফ্যাসিবাদবিরোধী ঐকমত্য, গ্রাম সরকার চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী শাহে আলম
ফ্যাসিবাদের প্রশ্নে সরকারি দল ও বিরোধী দল একমত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, সংসদে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন স্তর হিসেবে স্বনির্ভর গ্রাম সরকার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকাই স্বাভাবিক। তবে ফ্যাসিবাদের প্রশ্নে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। সংসদেও এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের সতর্কতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান। তার ভাষ্য, রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনটির বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা জরুরি। দলটির নেতাদের দেশে ফেরার আলোচনা ঘিরে নাশকতা সৃষ্টির চেষ্টার আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের বিচারসংক্রান্ত আইনের ভিত্তিতেই বিচার কার্যক্রম চলছে জানিয়ে মীর শাহে আলম বলেন, বিএনপিকে নতুন করে কোনো আইন করতে হয়নি। জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই হবে।
স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে স্বনির্ভর গ্রাম সরকার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। স্থানীয় সরকার ব্যবস্থার বিদ্যমান পাঁচটি স্তরের পাশাপাশি নতুন স্তর হিসেবে গ্রাম সরকার যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
গ্রাম পর্যায়ে ছোটখাটো বিরোধ, সামাজিক সমস্যা ও স্থানীয় সংকট সম্মিলিতভাবে সমাধানের লক্ষ্যেই এ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে বসে সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম জানান, নির্বাচন কমিশন পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি হতে পারে। এ ধাপের তফসিল ১০ ডিসেম্বর ঘোষণার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন হতে পারে ৪ অথবা ৬ ফেব্রুয়ারি।
রমজান, ঈদ এবং এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষে এপ্রিল ও মে মাসে বাকি তিন ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারেন, ভোটের নামে কোনো কারচুপি না হয় এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি না হয়—এমন পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার।
অনুষ্ঠানে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সম্মাননাসহ মোট ১৪ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়।