রুহুল আমিন কিবরিয়া,বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:০০:৫২
“আইনশৃঙ্খলা উন্নয়নে কঠোরতা, পুলিশ-সাংবাদিক সমন্বয়ের আহ্বান বগুড়ার এসপির
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেছেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কোনোভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না। মোটরসাইকেল মডিফাই করে উচ্চ শব্দে চালানো এবং চাকু নিয়ে চলাফেরার দিন শেষ উল্লেখ করে তিনি বলেন, মডিফাইড মোটরসাইকেল আটক করে জরিমানার পরিবর্তে মামলা দেওয়া হবে।
তিনি বলেন, চাকুর ব্যবহার রোধে প্রয়োজনে সন্দেহভাজনদের যেকোনো স্থানে, যেকোনো সময় তল্লাশি চালানো হবে। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই। এতে বক্তব্য রাখেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা শহরের যানজট নিরসনে শহরের ভেতর দিয়ে শেরপুরগামী করতোয়া গেটলক বন্ধ, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ, বিআরটিএ ফিটনেস পরীক্ষার জন্য সেউজগাড়িতে বাস-ট্রাক না রাখা, সরকারি আজিজুল হক কলেজ থেকে কামারগাড়ি পর্যন্ত রাস্তায় খোয়া ভাঙা, ইট-বালুর অবৈধ স্তুপ অপসারণ, তিনমাথায় বাজার নিয়ন্ত্রণ, পুলিশ ফাঁড়িগুলো কার্যকর করা, কিশোর গ্যাং দমন ও অনলাইনে চাকুর ব্যবসা বন্ধের দাবি জানান।
এছাড়া ২০২৪ সালের আগস্টের মামলার আসামিদের গ্রেফতার, সরকার অনুমোদিত বারগুলো মনিটরিং এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদারের আহ্বানও জানানো হয়। সভায় শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, তীব্র যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ এবং বিভিন্ন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি ওঠে।
নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, জেলার সব ধরনের অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ লাঘবে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান থাকবে জিরো টলারেন্স। সভায় সাংবাদিকদের বক্তব্য শোনার পর পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন তিনি।