মো. বনি আমিন, মনপুরা প্রতিনিধি:
প্রকাশ : ১৪ জুন ২০২৬ বিকাল ০৫:৪৬:১৬
মনপুরায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) ইব্রাহিম নয়নের নেতৃত্বে এএসআই মিজান ও সঙ্গীয় ফোর্স গতকাল রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিকদারহাট থেকে তালতলা গামী সড়কের জাহাঙ্গীর মিধার মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।
এ সময় মো. রাজিব (২২) নামে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার মূলহোতা হিসেবে অভিযুক্ত মজির উদ্দিন (৩০)-কে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, “অবৈধ মাদকের বিস্তার রোধ করে যুব সমাজকে রক্ষা করতে আমরা এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা সম্পন্ন হলে তাদের আদালতে প্রেরণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।