রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২ জুন ২০২৬ রাত ০৬:০২:৪৯
রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত মো. সাজেদুল হক রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও চার বছর বয়সী সন্তানকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।
পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় স্ত্রী সাজিদা আক্তারের অগোচরে শিশুর দোলনার রশি কেটে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন সাজেদুল হক। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী পুলিশকে খবর দেন। পরে পুলিশ রাত আনুমানিক ১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহত সাজেদুল হক জামালপুর জেলার সদর উপজেলার হনুমানপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”