নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশ : ৯ জুন ২০২৬ রাত ১০:১৪:২৮
নাটোরে ক্লোন অ্যাপস ব্যবহার করে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার
নাটোরের লালপুর উপজেলায় ক্লোন অ্যাপস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ও প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. অহিদ মোল্লার বাড়ির একটি সেমিপাকা টিনশেড ঘর থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন— মোহাম্মদ সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), মো. মোতাকাব্বির (২০) এবং মো. টুটুল প্রামানিক (৫০)। তাদের সবার বাড়ি মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন ক্লোন অ্যাপস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতেন। পরে সেই অ্যাকাউন্ট ব্যবহার করে দেশ ও বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করতেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা এবং প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) গ্রেফতার তিন আসামিকে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।