জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬ রাত ০৮:০৭:০২
চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষকের ৫ মাসের কারাদণ্ড
পুলিশ সূত্রে জানা যায়, চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলায় আদালত মো. তদবির আলমকে পাঁচ মাসের কারাদণ্ড প্রদান করেন। ওই মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে জামালগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চেক সংক্রান্ত একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী তাকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, তদবির আলম এর আগেও বিভিন্ন অভিযোগের কারণে আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তদন্তে কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার এমপিও (মান্থলি পে-অর্ডার) সুবিধা স্থগিত করেছিল বলে জানা গেছে।
একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় কারাদণ্ড কার্যকর হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।