ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬ বিকাল ০৪:১৯:৪৫
রামপালে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত
বাগেরহাটের রামপাল উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইএসআইপি)-এর আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।
প্রদর্শনীতে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা মোট ২০টি স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়, রামপাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পেড়িখালী মাধ্যমিক বিদ্যালয়, আদাঘাট মাধ্যমিক বিদ্যালয়, শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসা, ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয় এবং সগুনা মাধ্যমিক বিদ্যালয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান, সাংবাদিক রাকিবুল ইসলাম সুমন ও সোহানুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রদর্শিত প্রকল্পসমূহ মূল্যায়নের জন্য গঠিত বিচারক মণ্ডলী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বাস্তবমুখী সমস্যা সমাধানের উদ্যোগ এবং প্রযুক্তির সৃজনশীল ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং ভবিষ্যতের উদ্যোক্তা ও উদ্ভাবক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প উপস্থাপনের মাধ্যমে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।