ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬ বিকাল ০৫:৪৫:১১
ভৈরবে পুলিশের অভিযানে আটক ৪২, মুচলেকায় ছাড় পেলেন ৩৭ জন
সোমবার (১৫ জুন) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে সম্প্রতি মাদক ও ছিনতাইয়ের পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে গেছে। গত দুই সপ্তাহে কিশোর গ্যাংয়ের সদস্যরা রেলপথ ও সড়কপথ অবরোধ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা জনদুর্ভোগ সৃষ্টি করে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এর প্রেক্ষিতে কিশোর গ্যাং সদস্য ও রাতের বেলায় অকারণে ঘোরাফেরা করা ভবঘুরেদের ধরতে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৪২ জনকে আটক করা হয়। এসময় আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে আসা অভিভাবকদের সচেতনতামূলক ও সতর্কতামূলক বক্তব্য দেন এএসপি আবু মুছা শেখ।
এ বিষয়ে এএসপি আবু মুছা শেখ বলেন, “ভৈরবে দিন দিন কিশোর গ্যাং ও ভবঘুরে কিশোরদের দৌরাত্ম্য বেড়েছে। তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। পুলিশ সুপারের নির্দেশনায় ভৈরব বাজার ও অপরাধপ্রবণ এলাকায় সন্ধ্যার পর কিশোর গ্যাং সদস্য ও ভবঘুরেদের অবস্থান ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “অভিযানে আটক ৪২ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে সাধারণ ক্ষমা করে মুচলেকার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে তিনজনের কাছ থেকে সুইস গিয়ার (চাকু) ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া দুইজনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং ভৈরবের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।