তামিম হোসেন সবুজ, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ৮ জুন ২০২৬ রাত ০৯:০৭:৩২
শার্শায় সাংবাদিক আসাদ ও সাবেক চেয়ারম্যান টিংকু গ্রেফতার
যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি অধ্যাপক আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই মামলায় কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকুকেও গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে শার্শা উপজেলার জামতলা এলাকার নিজ বাড়ি থেকে সাংবাদিক আসাদকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সাংবাদিকদের মতে, একজন পেশাদার সংবাদকর্মীকে গ্রেফতারের ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি তার পেশাগত পরিচয় ও ভূমিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সোমবার সকাল থেকে সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা শার্শা থানায় উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেন। দীর্ঘ সময় বিভিন্ন পর্যায়ে চেষ্টা ও আলোচনা চললেও সাংবাদিক আসাদের মুক্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে বেলা ১টার দিকে পুলিশ সাংবাদিক আসাদ ও সাবেক চেয়ারম্যান টিংকুকে আদালতে পাঠায়।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ হোসেন জানান, নাশকতা মামলার অভিযোগের ভিত্তিতে যশোর ডিবি পুলিশ তাদের আটক করেছে। পরে তাদের যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান আসাদ বলেন, “২০২৩ সাল থেকে আমি রাজনৈতিক জীবন ও পদ থেকে পদত্যাগ করে স্বাভাবিক জীবনযাপন করছি। কোনো ধরনের নাশকতা বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমি সম্পৃক্ত নই।”
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শার্শা উপজেলা সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ বলেন, সত্য অনুসন্ধান ও জনস্বার্থে তথ্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সংবাদকর্মী যেন অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। একই সঙ্গে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন তার নিজস্ব গতিতেই চলবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।