মোঃ ওয়াজেদ আলী, সিনিয়র জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ : ৩ জুন ২০২৬ রাত ০৭:০২:১৩
গোবিন্দগঞ্জে কৃষকদের নিয়ে আধুনিক কলাকৌশল কর্মশালা
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রংপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. রশীদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সার ও কীটনাশক ব্যবসায়ী মো. রায়হান আলী, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র টিএফও রেজাউল করিম এবং টিএফও জান্নাতুল নাঈমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, কৃষকরা দীর্ঘদিন ধরে প্রচলিত পদ্ধতিতে সার ও কীটনাশক ব্যবহার করে আসছেন। বর্তমান সময়ে অধিক ফলন পেতে আধুনিক কৃষি প্রযুক্তি ও কলাকৌশল প্রয়োগের বিকল্প নেই। তিনি কৃষকদের অনভিজ্ঞ ব্যক্তির পরামর্শ না নিয়ে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করার আহ্বান জানান। এতে কম খরচে বেশি উৎপাদন সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাজারে সার ও কীটনাশকের সংকট কিংবা অতিরিক্ত মূল্যে বিক্রির বিষয়ে কৃষকদের বিভিন্ন অভিযোগ রয়েছে। সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার ও কীটনাশক সরবরাহে কাজ করছে। অনেক কৃষক মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বেশি দামে কৃষি উপকরণ কিনে প্রতারিত হন। এ ধরনের সমস্যা এড়াতে কৃষি বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গাইবান্ধা সদর উপজেলায় প্রায় ২৯ হাজার হেক্টর এবং গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় ৩৭ হাজার হেক্টর আবাদি জমি রয়েছে। গোবিন্দগঞ্জে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
কর্মশালা শেষে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে অংশগ্রহণকারী অর্ধশত কৃষকের মাঝে বিনামূল্যে এক প্যাকেট করে ধানের বীজ বিতরণ করা হয়।