নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৫৭
মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়েতে জ্বালানি তেল উপহার
জ্বালানি তেলের সংকটের প্রেক্ষাপটে মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিয়েতে দেখা গেলো ভিন্নধর্মী এক ব্যতিক্রমী উপহার। প্রচলিত উপহারের পরিবর্তে নবদম্পতিকে দেওয়া হয়েছে ২ লিটার অকটেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে বন্ধু মাসুমসহ তার কয়েকজন সঙ্গী এই অভিনব উপহার দেন।
বন্ধুদের এমন ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে রসিকতাপূর্ণ ও ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে দেখছেন।
উপহার প্রদানকারী বন্ধুদের একজন বলেন, “বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। তাই একটু ব্যতিক্রমভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে আমরা প্রতীকীভাবে ২ লিটার অকটেন উপহার দিয়েছি।”
এদিকে, জ্বালানি সংকটের এই সময়ে কুলাউড়ার এমন ব্যতিক্রমী উপহার সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।