গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ৮ জুন ২০২৬ বিকাল ০৩:৫১:১৯
গাইবান্ধায় সীমানা বিরোধের জেরে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত
গাইবান্ধার সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই আহত হয়েছেন।
রোববার (৭ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের পেয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পেয়ারাপুর এলাকার মৃত ফারুক ইসলামের ছেলে। আহত ফারদিন রুহিত তার সহোদর ভাই।
আহত ফারদিন রুহিত জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী ছানা মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি আমিন দিয়ে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হয়। নির্ধারিত সীমানায় দেয়াল নির্মাণ করতে গেলে ছানা মিয়া বাধা দেন। এ সময় তার মা ও ছোট ভাই রুমনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গার্মেন্টস কর্মী রুহিত সম্প্রতি ঢাকা থেকে বাড়ি ফেরেন। ঘটনার রাতে তিনি বিষয়টি নিয়ে ছানা মিয়ার কাছে জানতে চাইলে তার ছেলে রাকিবের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিত ও রুমনকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদ রুমনকে মৃত ঘোষণা করেন। আহত ফারদিন রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এক কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।