ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬ দুপুর ০১:৪৯:১৬
রামপালে রেকর্ডীয় জমি দখল করে রাস্তা ও স-মিল স্থাপনের অভিযোগ
বাগেরহাটের রামপাল উপজেলার ৩নং বাইনতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুমলাই পবনতলা গ্রামে রেকর্ডীয় জমি দখল করে ইট সলিং রাস্তা ও স-মিল স্থাপনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগকারী খান লতিফ ও খান হান্নান জানান, কুমলাই মৌজার বি.আর.এস ৪৭০ নম্বর খতিয়ানের ৬৫১ নম্বর দাগে ১৮ শতক জমি তাদের নামে রেকর্ডভুক্ত রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। তবে একই গ্রামের খান আইয়ুব আলী তাদের জমি জোরপূর্বক দখল করে ব্যবহার করছেন বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি সরকারি অনুদানের মাধ্যমে তাদের রেকর্ডীয় জমির ওপর দিয়ে নিজের বাড়ি পর্যন্ত ইট সলিং রাস্তা নির্মাণ করেছেন। এছাড়া ওই জমির ওপর একটি স-মিলও স্থাপন করেছেন। অথচ তার বাড়িতে যাতায়াতের জন্য সরকারি রেকর্ডভুক্ত পৃথক রাস্তা রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সরকারি রেকর্ডীয় রাস্তার অংশ থেকে বালি বিক্রি করে সেখানে মৎস্য ঘের তৈরি করা হয়েছে। পাশাপাশি বসতবাড়ি নির্মাণ এবং বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে বাগান গড়ে তোলা হয়েছে। ফলে সরকারি রাস্তা ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্তরা তাদের রেকর্ডীয় জমির ওপর নির্মিত রাস্তা ও স-মিল অপসারণ করে জমি ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে সরকারি রেকর্ডীয় রাস্তা পুনরুদ্ধারেরও দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত খান আইয়ুব আলীর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শেখ রাজিব আল রশিদ, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন, “অভিযোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগ পেলে বা তদন্তের জন্য প্রেরণ করা হলে বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।