হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ৮ জুন ২০২৬ বিকাল ০৩:৫৭:২১
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান জব্দ
সোমবার (৮ জুন) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “২৫ বিজিবির দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।