সুশীল চন্দ্র দাস, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২ জুন ২০২৬ রাত ০৬:৫৩:২৮
লাখাইয়ে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের লাখাই উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মোড়াকরি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৮ ধারায় সিএমসি ইটভাটার মালিক মোড়াকরি গ্রামের বাহাদুর উদ্দীনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে তিতাস ইটভাটার মালিক ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর এলাকার হাজী আব্দুল আলীমের ছেলে মিজানুর রহমানকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) সুমন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার এএসআই প্রদীপ সূত্রধরসহ পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম জানান, পরিবেশ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।