মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : ১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪২:০২
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখ গ্রেফতার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাবেদ হোসেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম হোসেন জানান, টুঙ্গিপাড়া থানায় দায়ের হওয়া একটি মারামারির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি থানার মামলা নং-২/২৬, যার তারিখ ৩ জুন ২০২৬।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কুশলী এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একটি মারামারির ঘটনায় মাহফুজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার ৬ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে জাহাঙ্গীর হোসেন শেখের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “জাহাঙ্গীর হোসেন শেখ একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।