ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৮ জুন ২০২৬ বিকাল ০৩:৫৮:৩৩
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা দেওয়ানের ঢাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আলিফ (৮) পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাকশী হাইওয়ে থানার ইনচার্জ নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে পাকশী এলাকায় বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি সামান্য কাত হয়ে যায়। এ সময় মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে সড়কে পড়ে যায়।
ছেলেকে বাঁচানোর জন্য তার মা অটোরিকশা থেকে লাফিয়ে নামলে চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এদিকে, একই সময়ে দ্রুতগতিতে আসা এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি ও মোটরসাইকেল আরোহী উভয়েই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহত শিশুটির মাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক ও অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্ত এবং পলাতক চালকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।