ইউনুছ আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬ বিকাল ০৪:১৪:৩৪
রৌমারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ
বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হক।
এ সময় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করার জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।