মো. বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬ রাত ০৯:৪৮:৪৩
মনপুরায় জেলের জালে ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তে মাছটি বিক্রি করা হয়।
আড়তের ম্যানেজার নাহিদ জানান, শনিবার সকালে কলাতলীচর আবাসন খালের কামাল মাঝি ও তার সঙ্গীয় জেলেরা রামনেওয়াজ সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় তাদের জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। উপকূলীয় অঞ্চলের জেলে ও মৎস্য আড়তদাররা এ ধরনের বড় সাইজের ইলিশকে ‘রাজা ইলিশ’ নামে অভিহিত করে থাকেন।
ঘাটের মৎস্য ব্যবসায়ী আইয়ুব পাটোয়ারী জানান, অন্যান্য ব্যবসায়ীদের উপস্থিতিতে মাছটি নিলামে তোলা হয়। পরে সর্বোচ্চ দরদাতা মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী ৯ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
ক্রেতা রাজিব চৌধুরী বলেন, ঢাকার পাইকারি বাজারে বড় সাইজের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাজধানীর বাজারে মাছটি আরও বেশি দামে বিক্রি করা সম্ভব হবে।
এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন, “প্রতিবছর ইলিশের প্রজনন মৌসুম সফলভাবে বাস্তবায়নের ফলে নদীতে বড় আকারের ইলিশের সংখ্যা বাড়ছে। এর ইতিবাচক প্রভাব এখন জেলেদের জালে ধরা পড়া মাছের আকার ও উৎপাদনে দেখা যাচ্ছে।”
স্থানীয় জেলেরা জানান, বড় আকারের ইলিশ ধরা পড়ায় তারা যেমন আনন্দিত, তেমনি ইলিশ সংরক্ষণে সরকারের বিভিন্ন কর্মসূচির সুফলও এখন দৃশ্যমান হচ্ছে।