শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৬ বিকাল ০৪:০২:০৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কসবায় প্রবাসী যুবকের মৃত্যু
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা এবং জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ মিয়া। সেখানে তিনি রাজধানী রিয়াদের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
গত ৩০ মে কর্মস্থলের দায়িত্ব পালনকালে একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনায় তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ইউসুফ মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি মা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে, প্রবাসী ইউসুফ মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।