ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২ জুন ২০২৬ রাত ০৭:৫৮:২৮
রামুতে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে রামু থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই শফিউল আলমকে আটক করা হয়।
আটক শফিউল আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। পাশাপাশি ইয়াবার উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য মাদক চক্র সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “রামুকে মাদকমুক্ত রাখতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, আটক শফিউল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।