মো. ইব্রাহিম, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২ জুন ২০২৬ রাত ০৬:৫৫:১১
কেরানীগঞ্জে ট্রাকে মিলল ৩ লাখ ১০ হাজার চিংড়ির অবৈধ রেণু, নদীতে অবমুক্ত
মঙ্গলবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ির রেণু উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি জানান, চট্টগ্রাম থেকে খুলনায় পাচারের উদ্দেশ্যে এসব রেণু পোনা পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে রেণুগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত রেণু পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
তিনি বলেন, অবৈধভাবে সংগ্রহ করা চিংড়ির রেণু পরিবহনের ফলে নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্যসম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে জব্দকৃত রেণু পোনাগুলো ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়েছে।
হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। অবৈধ রেণু সংগ্রহ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।