ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ৮ জুন ২০২৬ রাত ০৮:৫৬:০৩
রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত, উদ্বোধন হলো বৃক্ষরোপণ কর্মসূচি
সোমবার (৮ জুন) সকালে রামপাল উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে রামপাল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ দূষণ রোধ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল কোঅর্ডিনেটর (এক্সটারনাল এনগেজমেন্ট, ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড আরবান লাইভলিহুড) রুহুল আমিন সরকার, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার (ইন্টিগ্রেটেড লাইভলিহুড) মো. রুহুল আমিন এবং রামপাল এরিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এডিপির কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। উপজেলা পরিষদ থেকে শুরু করে প্রতিটি বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে বৃক্ষরোপণ করতে হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, সবুজ ও স্বাস্থ্যকর রামপাল গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় রামপাল উপজেলার এক হাজার পরিবারের মাঝে পাঁচটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চলতি বছরে দেশব্যাপী প্রায় ১৫ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানানো হয়।
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।