বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬ বিকাল ০৫:২২:৪৬
বাজেট নিয়ে জনগণের মতামত জানতে বাউফলে জামায়াতের উন্মুক্ত আলোচনা সভা
জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় জনগণের প্রত্যাশা ও মতামত তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জামায়াত দলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের ভোটার ও সচেতন নাগরিকদের বাজেট-সংক্রান্ত ভাবনা ও প্রত্যাশা জানার লক্ষ্যে শুক্রবার (১২ জুন) এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
বাউফল উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “আজকের এই আয়োজনের উদ্দেশ্য হলো জনগণের মতামতের ভিত্তিতে জনগণের কণ্ঠস্বর হিসেবে সংসদে আলোচনা উপস্থাপন করা। এখান থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশের আলোকে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমি কোনো দলের একক এমপি নই; বরং বাউফলের সব জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে কাজ করাই আমার লক্ষ্য। বাউফলে এবার আমি একা এমপি নই, উপজেলার প্রতিটি মানুষই এমপি। তাই বাউফলের মানুষের মতামত নিয়েই আমি জাতীয় সংসদে বাজেট নিয়ে কথা বলতে চাই।”
উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত সাংবাদিক ও নাগরিকরা শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা, নদীভাঙন এবং মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন। শিক্ষা খাতের প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদেরও খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আনার দাবি জানানো হয়।
এছাড়া ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন, সরকারি খাস জমি প্রকৃত উপকারভোগীদের মধ্যে বন্দোবস্ত প্রদান, নদীভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, হিন্দু সম্প্রদায়ের নেতা সোনু সাহা, অতুল পাল ও জিতেন্দ্রনাথ।