কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৬ রাত ০৭:৩৮:০৯
রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৬ মাসের শিশুসহ ৯ বাংলাভাষীর মানবেতর জীবন
তীব্র রোদ, খোলা আকাশ আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন তারা। মাথার ওপর টানানো সামান্য একটি প্লাস্টিকই এখন তাদের একমাত্র আশ্রয়। ৬ মাসের শিশুটির পাশাপাশি সেখানে রয়েছে আরও একটি ছোট শিশু।
সীমান্তের ১০৬০ নম্বর পিলারের কাছে নির্জন স্থানে অবস্থান নেওয়া এসব মানুষের জন্য নেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি কিংবা স্যানিটেশনের কোনো ব্যবস্থা। ফলে দিন দিন তাদের দুর্ভোগ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, একটি নিষ্পাপ শিশুসহ নারী ও শিশুদের এভাবে শূন্যরেখায় আটকে রাখা মানবাধিকারের পরিপন্থী। শিশুদের দুর্বিষহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সীমান্তবাসী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
জানা গেছে, গত রোববার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
ঘটনার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে ৬ মাস বয়সী শিশুসহ ৯ জন এখনো শূন্যরেখায় অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।