শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬ রাত ০৭:৪০:০৪
মাদকের গডফাদারদের রেহাই নয়: কসবায় এমপি মুশফিকুর রহমান
শনিবার (২০ জুন) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বায়েক শিক্ষা সদন বায়েক উচ্চবিদ্যালয়ে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত আধুনিক বিজ্ঞান ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, “আমরা মাত্র তিন মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। এরই মধ্যে মাদকের সঙ্গে জড়িত অনেক প্রভাবশালী ব্যক্তি ও গডফাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার কারণে কেউ কেউ জামিনে মুক্তি পেয়েছেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। খুব শিগগিরই আইন সংশোধনের মাধ্যমে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন এর বাস্তব ফলাফল দেশবাসী দেখতে পাবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। কসবা-আখাউড়া অঞ্চলে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
শিক্ষার্থীদের উদ্দেশে এমপি মুশফিকুর রহমান বলেন, মাদক থেকে দূরে থেকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। একটি সুস্থ, সচেতন ও মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মুশফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন মেহভীন রহমান এবং আশফাক জামিল রহমান।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্থাপিত আধুনিক বিজ্ঞান ল্যাব ঘুরে দেখেন অতিথিরা। তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।