ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ : ২ জুন ২০২৬ বিকাল ০৪:২৯:২২
ধামরাইয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার সুয়াপুর ইউনিয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল হোসেন (২৫) সুয়াপুর এলাকার বাসিন্দা। মামলার তদন্তসংশ্লিষ্ট নথিতে তাকে সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ধামরাই বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত এক পিকআপচালক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সাত থেকে আট হাজার নেতাকর্মীকে আসামি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওইদিন বিকেলে ধামরাই বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান করছিলেন। এ সময় অস্ত্রধারী একদল ব্যক্তি আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এতে মামলার বাদী গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, রাসেল হোসেন মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়েছেন। তদন্তে সাক্ষ্য-প্রমাণ ও বিভিন্ন সূত্র থেকে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে।
আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিকে কারাগারে রাখা প্রয়োজন। ভবিষ্যতে প্রয়োজন হলে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার রাসেল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।”