মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬ বিকাল ০৪:৩৯:২৭
গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, শেখ তুহিনের গ্রেফতার দাবি
গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং মামলার বাদী শেখ তুহিনের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, শেখ তুহিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং তার সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেওয়ায় তিনি প্রতিহিংসাপরায়ণ হয়ে ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তারা এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি এবং সত্য উদঘাটনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এবং অনুসন্ধানী সাংবাদিকতাকে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে এ ধরনের মামলা করা হয়েছে। তারা শেখ তুহিনের সম্পদ ও আয়ের উৎস সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
একই সঙ্গে মানববন্ধন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন সাংবাদিক আরমান খান জয়।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক জুবায়ের হোসেন, শৈলেন্দ্রনাথ মজুমদার, আরিফুল হক আরিফ, মামুনুর জুয়েল, পলাশ শিকদার, আরিফুল রশিদ, মেহেদী হাসান এবং বিশ্বজিৎ চন্দ্র সরকার।