সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৭:১০
সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ’র মাজার পরিদর্শনে জেলা প্রশাসক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া শাহচিলাপুর এলাকায় অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ’র মাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রায়হান কবির।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মাজার প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সোনারগাঁ একটি ঐতিহাসিক ও পর্যটনসমৃদ্ধ অঞ্চল হওয়ায় এখানে দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে। পর্যটকদের সুবিধার্থে মাজার এলাকায় অজুখানা, পাবলিক টয়লেটসহ প্রাথমিক বিভিন্ন সেবা নিশ্চিত করতে উন্নয়নমূলক কাজ গ্রহণ করা হবে, যাতে দর্শনার্থীরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন।
তিনি আরও মাজার এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং ভক্তদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) সিফাত উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসকের স্টাফ অফিসার আল আমিন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁ থানার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।