কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ সকাল ০৭:৪৪:০১
হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে ২৭ দরিদ্র-মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজের ২৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর জিয়া উদ্দিন বাবলুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভী আলী আহমদ কল্যাণ ট্রাস্টের পরিচালক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক খোকন, এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আবদুর রহিম, মসজিদ মিশন কোম্পানীগঞ্জ শাখার সভাপতি মাওলানা শাহাজান, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল, সিনিয়র সহ-সভাপতি গাজী আলমগীর এবং চরহাজারী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ পুলিশের সদস্য ক্যান্সারে আক্রান্ত আজিজের পরিবারের হাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়।
পরে অতিথিরা ২৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন। বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন সুমন, সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন স্বপন, কোষাধ্যক্ষ আলী আকবর সুমন, সহ-সভাপতি আবু সুফিয়ান, কলেজ বিষয়ক সম্পাদক কামরুল হাসান রুবেল ও তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রহমত উল্যাহসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।