নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ রাত ০৭:৩০:৩৩
চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ফলে আগামী ডিসেম্বর মাসেই বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি (বায়রা) এই চূড়ান্ত অনুমোদন নিশ্চিত করে বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, দেশের প্রথম এবং সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন মূল বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির শেষ ধাপে রয়েছে। প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমের অংশ হিসেবে প্রেসার অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি/পিওএসভি)-এর ১৬ মেগাপাসকেল চাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে সর্বশেষ ১৮ মেগাপাসকেল চাপের নিরাপত্তাজনিত পরীক্ষাতেও সফল ফলাফল পাওয়া যায়।
এ ছাড়া গত শনিবার (৩ অক্টোবর) সফলভাবে পৌঁছায় কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান। বায়রার এই অনুমোদন পাওয়ার পর প্রথম ইউনিটের রিয়্যাক্টরে জ্বালানি লোড করা এবং বিদ্যুৎ উৎপাদনের মহড়া শুরু করতে আর কোনো প্রশাসনিক বাধা রইল না।