জাহিদ হাসান, ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬ রাত ০৭:৫৮:২৩
প্রবাসীদের আস্থার ঠিকানা নোলার ‘ওসপেদালে দি নোলা’ হাসপাতাল
ইতালির ‘ওসপেদালে দি নোলা’ হয়ে উঠেছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের অন্যতম আস্থার ঠিকানা। আধুনিক চিকিৎসাসেবা ও পরিচ্ছন্ন পরিবেশের কারণে প্রতিদিনই এখানে স্বাস্থ্যসেবা নিতে আসছেন বিভিন্ন দেশের মানুষ।
হাসপাতালের বিভিন্ন বিভাগে সকাল থেকেই দেখা যায় রোগী ও সেবাগ্রহীতাদের উপস্থিতি। জরুরি চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন চিকিৎসাসেবায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার অনেক প্রবাসী বলছেন, প্রবাস জীবনে মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়া তাদের জন্য বড় স্বস্তির বিষয়। ভাষাগত কিছু সীমাবদ্ধতা থাকলেও হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সহযোগিতাপূর্ণ আচরণ রোগীদের মাঝে বাড়াচ্ছে আস্থা।
শুধু চিকিৎসাসেবাই নয়, হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক ব্যবস্থাপনাও নজর কেড়েছে অনেকের। প্রতিদিন পরিবার নিয়ে চিকিৎসাসেবা নিতে আসছেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষ।
বিশ্লেষকদের মতে, ইতালিতে বসবাসরত প্রবাসীদের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর সেই তালিকায় নোলার ‘ওসপেদালে দি নোলা’ হাসপাতাল অন্যতম।
দেশ থেকে দূরে প্রবাস জীবনে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রবাসীদের মনে এনে দিচ্ছে বাড়তি স্বস্তি ও নিরাপত্তা।