নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬ রাত ০৮:৫৬:৩৮
নিরাপদ দেশ গড়তে আইন শৃঙ্খলার উন্নতি অপরিহার্য: ড. খন্দকার মারুফ
বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, নিরাপদ 'বেটার বাংলাদেশ' গড়তে আইন শৃঙ্খলার উন্নতি অপরিহার্য। মাদক,জুয়া,কিশোর গ্যাং-এর সদস্যরা চুরি,ছিনতাই,রাহাজানি ও চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত। এদের কারণে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে, জনজীবন অনিরাপদ ও দূর্বিষহ হয়ে উঠছে। এইসব অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।
তিনি মঙ্গলবার (৩০ জুন) দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
ড.খন্দকার মারুফ বলেন, আইন শৃঙ্খলার উন্নতির জন্য অপরাধ নির্মূল করতে বর্তমান সরকারের অবস্থান 'জিরো টলারেন্স'।জনজীবনে দুর্ভোগ সৃষ্টিকারী অপরাধীরা যাতে আইনের ফাঁক-ফোকর দিয়ে রক্ষা না পায়, সে জন্য কঠোর ব্যবস্থা নিতে তিনি (ড.মারুফ) দাউদকান্দি থানা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।
বিএনপির এই নেতা বলেন,ফ্যাসিস্ট সরকার দু:শাসন,জুলুম নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র,অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করে গেছে । ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে নায়কোচিত ভূমিকায় অবতীর্ণ হন। তিনি অগ্রপথিক হয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া ধ্বংসস্তুপের দেশকে দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। ইনশাআল্লাহ, আগামী দিনে তাঁর গতিশীল নেতৃত্বেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে।
ড.খন্দকার মারুফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে মননশীল ও আধুনিক পরিকল্পনায় সবাইকে নিয়ে উন্নত স্থিতিশীল 'বেটার বাংলাদেশ' গড়ে তুলতে সক্ষম হবেন। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সেই লক্ষ্য অর্জনে স্থানীয় প্রশাসনকে সেবার মনোভাব নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানান।
ড.খন্দকার মারুফ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় এলে দেশ ও জনগণের কল্যাণে যুগান্তকারী উন্নয়ন করে। জনগণ নিশ্চিদ্র নিরাপদে, সুখ স্বাচ্ছ্যন্দে জীবন যাপন করতে পারে। এবারও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। মানুষ এইসব কাজের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছেন। দেশের স্বার্থ রক্ষায় তারেক রহমানের জনগুরুত্বপূর্ণ নানা উদ্যোগ দেখে মানুষ আশাবাদী হয়ে উচ্ছ্বসিত প্রশংসা করছে।
সভায় দাউদকান্দির ইউএনও নাছরীন আক্তার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়া ও পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমুখ।
পরে উপজেলা পরিষদ মাঠে ড.খন্দকার মারুফ হোসেন প্রধান অতিথি হিসেবে ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার,বীজসহ কৃষি উপকরণ বিতরণ করেন। ধানের বাম্পার ফলনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের পক্ষে দাউদকান্দি উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই সময় দাউদকান্দির ইউএনও নাছিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরে ড.খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি বাজারে পুরনো বিএনপি অফিস ভেঙে নির্মাণাধীন ৪ তলা ভবনের কার্যক্রম পরিদর্শন করেন।