ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।তিনি জানান, লোকসভার স্পিকার ওম বিড়লা গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধানমন্ত্রী মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।জয়সওয়াল বলেন, ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশাও জানানো হয়েছে।সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন ভারতীয় মুখপাত্র। তিনি জানান, এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে নয়াদিল্লি।বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের ভিসা কার্যক্রমেও গতি ফিরতে শুরু করেছে। আজ শুক্রবার থেকে দিল্লিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন।এর আগে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানান, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগির ‘স্বাভাবিক পর্যায়ে’ ফিরে আসবে।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে উত্তেজনার ঘটনায়।সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর প্রকাশের পর ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় দুটি পত্রিকা অফিস ও ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে। একই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ হয় এবং মিশন লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনাও ঘটে।এর পরিপ্রেক্ষিতে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়। পরদিন দিল্লি ও আগরতলা মিশন থেকেও ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেখা যায়। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পরে ফল প্রকাশের দিন বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান মোদী এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডে সমর্থনের আশ্বাস দেন।নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশগ্রহণের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।এদিকে, প্রায় দুই মাস পর আজ শুক্রবার থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া পুনরায় শুরু করেছে।
২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৫:৪২
ভোক্তার ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাগবিতণ্ডা অনাকাঙ্ক্ষিত: ডিএমপি কমিশনার
ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাগবিতণ্ডাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। এ ব্যাপারে সব ব্যবসায়ীর সহযোগিতা প্রয়োজন। যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে সেই ব্যাপারে ব্যবসায়ীরা সচেষ্ট থাকবেন।’এদিকে, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হাশেম বলেন, ‘যে ঘটনাটা ঘটেছে সেটা অতিরঞ্জিত হয়ে গেছে। ঘটনাটা দুঃখজনক। যেই ব্যবসায়ী রাগান্বিত হয়েছিলেন তিনি দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে আর কখনো এমন ঘটনা ঘটবে না। ব্যবসায়ীরা ভোক্তা অধিকারকে আগের মতোই সহযোগিতা করবে।’
২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৬:১৩
৮ উপদেষ্টার দফতর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব
সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দফতর বণ্টন করা হয়েছে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।নতুন এই বণ্টন আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক ও নীতি-নির্ধারণী কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:৫৩:০৩
তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।টেলিফোনে আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ভবিষ্যতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দুই দেশ একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৮:৪৬
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।দিবসটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে। এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের জন্য কোনো সরাসরি হুমকি নেই, তবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা সম্পর্কিত ব্রিফিংয়ে র্যাব ডিজি বলেন, শহীদ মিনারকেন্দ্রিক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে।তিনি আরও জানান, শহীদ মিনারের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করেছে। এছাড়া যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৬:৫৮
খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে: কৃষিমন্ত্রী
কৃষিজমিতে হেভি মেটালের (ভারী ধাতু) মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে মনে করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।তিনি বলেন, এ সমস্যা সমাধানে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।২০ ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লা সার্কিট হাউজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, গোমতীর চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না।সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী এবং অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। টেকনোক্র্যাট মন্ত্রী হওয়ার পর আমিন উর রশিদ ইয়াছিন প্রথমবারের মতো নিজ জেলা কুমিল্লায় এসেছেন।এ সময় তাকে শুভেচ্ছা জানাতে সার্কিট হাউজে ভিড় জমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কুমিল্লার সুধী সমাজ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা।
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৩:২৩
সিএনজি স্টেশন ৬ ঘন্টা বন্ধ রাখার নির্দেশনা সরকারের
প্রথম রমজান থেকে শুরু করে আগামী ১৪ মার্চ পর্যন্ত দেশের সিএনজি স্টেশনগুলো বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যেেএ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকতো স্টেশনগুলো।২০ ফেব্রুয়ারি শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।তবে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে আগামী ১৫ থেকে ২৫ মার্চ সিএনজি/ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৬ মার্চ ২০২৬ থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধ রাখতে হবে।
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৮:২৬
৩ সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগ নিচ্ছে নতুন সরকারের
দায়িত্ব নেওয়ার পর পরই স্থানীর সরকার নির্বাচন করার কথা বললো নবনির্বাচিত সরকার। দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মাথায় ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই পরিপ্রেক্ষিতে তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করে দিয়েছে ইসি। আগামী সপ্তাহে কমিশনের সভায় ঠিক হবে নির্বাচনের কর্মপরিকল্পনাও।জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে জামায়াতসহ তাদের মিত্ররা। পরে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মুখে আগে স্থানীয় সরকারের নির্বাচন থেকে সরে আসে ড. ইউনূস সরকার।গেল ১২ ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ জয় লাভের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করে বিএনপি। পরে ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠন হয় নতুন মন্ত্রিসভা। ওইদিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে বিদায় ঘটে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের।এদিকে সরকার গঠনের তিন দিনের মাথায় ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসি।আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যেই সিটি করপোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পর প্রথম সভা হয় ২০২০ সালের দোসরা জুন। সে হিসেবে দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের ১ জুন। আর ঢাকা উত্তর সিটির প্রথম সভা একই বছরের ৩ জুন অনুষ্ঠিত হওয়ায় এই সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের ২ জুন। আর চট্টগ্রাম সিটির ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি।নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে চিঠি পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতিও এরইমধ্যে শুরু হয়ে গেছে। আমরা হয়তোবা আাগমী সপ্তাহের মধ্যে কমিশনে বৈঠক করে বিস্তারিত পরিকল্পনা নেবো। তিনি আরও বলেন, অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদেরই এই নির্বাচনে দায়িত্ব দেয়া হবে। অন্তর্বর্তী সরকারের সময় যেমন আমরা প্রভাবমুক্ত নির্বাচন করতে পেরেছি, ভবিষ্যতেও আরও নিরপেক্ষতার প্রমাণ আমরা রাখবো।২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিল, চেয়ারম্যানদের পদত্যাগের ফলে অন্তবর্তী সরকার ১২ সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৩৯৭ উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে এসব প্রতিষ্ঠান।
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০০:২৮
একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে যেতে যেসব সড়ক ব্যবহারের নির্দেশ ডিএমপির
আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপত্তার স্বার্থে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে নির্দিষ্ট কয়েকটি সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার রোড ব্যবহারের অনুরোধ করা হলো। এছাড়া অন্যকোনো সড়ক দিয়ে আসা যাবে না। শ্রদ্ধা নিবেদনের পর দোয়েল চত্বর কিংবা চাঁনখানপুল দিয়ে বের হতে হবে।শহীদ মিনারে কোনো ধরনের ধারালো বস্তু কিংবা দাহ্য পদার্থ বহন না করারও অনুরোধ জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধার জানানোকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার।একুশে ফেব্রুয়ারি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কশিনার বলেন, ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। অন্যান্য আইনশৃঙখলা বাহিনী ও গোয়েন্দা নজরদারিও থাকবে। সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৮:১৯
বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। এখানে বিনিয়োগের অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদের যেতে হবে। পোর্টের কার্যক্রম আরও উন্নততর করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে। ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ সব কথা বলেন অর্থমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক পরিকল্পনা আছে। এগুলোতো এক কথায় বলা যাবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে আসেন। সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন তিনি।এরপর জুমার নামাজ আদায় করবেন নগরের কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে।নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন অর্থমন্ত্রী। একই স্থানে বিকেলে তিনটায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বন্দর সেবাদানকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। পরে রাত আটটা ২৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রামে আসার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। একটি নির্বাচিত সংসদ, সরকার হয়েছে। বাংলাদেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা পূরণে আমাদের সকলে মিলে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে হবে।
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৪:৫৩
নিরাপত্তা শঙ্কা নেই, তবুও সর্বোচ্চ সতর্কতা: ডিএমপি কমিশনার
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীজুড়ে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সাজ্জাত আলী। তবে তিনি জানিয়েছেন এতে নির্দিষ্ট কোনো নিরাপত্তা শঙ্কা নেই, তবুও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনারকেন্দ্রিক নয়; পুরো ঢাকা মহানগরজুড়েই থাকবে। প্রতিবছরের মতো এবারও ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "ঢাকাবাসী ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আশা করছি, এবারও শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হবে।"ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, একুশের প্রহর শুরুর আগে সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাতটি পয়েন্টে যান চলাচলে ডাইভারশন দেওয়া হবে। এ বিষয়ে আগাম নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।ডিএমপি কমিশনার আরও বলেন, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোকসমাগম হবে।এ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।তিনি জানান, ফেব্রুয়ারি বাঙালির আবেগের মাস। যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।এছাড়া বিদেশি কূটনীতিকরাও শ্রদ্ধা জানাবেন। পরবর্তীতে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শৃঙ্খলা বজায় রেখে এবং শহীদ মিনারের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫০:২৮
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই: র্যাব ডিজি
আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্তমানে কোনো
সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একে এম শহিদুর রহমান। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি
মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়
এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।র্যাব ডিজি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে
পালনের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের
মাধ্যমে শহীদ মিনার এলাকায় ইনার ও আউটার পেরিমিটার নির্ধারণ করা হয়েছে। পুরো এলাকাকে
কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ
মোতায়েন থাকবে।নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং
সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। কেন্দ্রীয় শহীদ মিনার
এলাকায় তিন শতাধিক র্যাব সদস্য মোতায়েন থাকবে।পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।একে এম শহিদুর রহমান বলেন, অতীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি
থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচন
অনুষ্ঠানের সহায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির
উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।তিনি আরও বলেন, দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ মানুষকে
জিম্মি করা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না।সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা নির্বিঘ্ন
রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, কেন্দ্রীয়
শহীদ মিনার ছাড়াও সারাদেশে যেসব শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেসব স্থানেও
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২১:৪৯
শুক্রবার চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের সাত বছর
শুক্রবার চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের সাত বছর পূর্ণ হলো। সাত বছর আগের এই দিনে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝরে গিয়েছিলো ৭১টি তাজা প্রাণ। ভুক্তভোগী পরিবারগুলোকে বিভীষিকাময় সেই রাতটি আজও তাড়িয়ে বেড়ায়। স্বজন হারানোর বেদনার সঙ্গে যোগ হয়েছে বিচার পাওয়ার দীর্ঘ অপেক্ষা। দীর্ঘ সময়েও মামলার বিচারকাজ শেষ না হওয়ায় থমকে আছে নিহতদের পরিবারের প্রত্যাশা। গত সাত মাসে এই মামলায় একজন সাক্ষীও আদালতে হাজির হননি।২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনে অগ্নিকাণ্ডের পরদিন চকবাজার থানায় মামলা করেন মো. আসিফ। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।অভিযুক্ত ব্যক্তিরা হলেন– ওয়াহেদ ম্যানসনের মালিক হাসান সুলতান ও হোসেন সুলতান, রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ব্যবস্থাপক মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতিক, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ। তারা বর্তমানে জামিনে আছেন।মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৯ মার্চ। নিহতদের পরিবার এখন কেবল দ্রুত ন্যায়বিচারের অপেক্ষায়।
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৮:১৭
বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
রমজান মাসে বইমেলার আয়োজন নিয়ে আপত্তি আর নানা আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে অমর একুশে বইমেলা শুরুর দিনক্ষণ। ২৫ ফেব্রুয়ারি বুধবার থেকে মেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত, যা আগে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।এই অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক, আয়োজকসহ স্টল তৈরির কারিগররা। প্রাণের এই মেলা আয়োজনে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। বৃহস্পতিবারও (১৯ ফেব্রুয়ারি) স্টলের জন্য আবেদন করেছে অনেক প্রকাশনা সংস্থা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে এখন স্টল তৈরিতে ব্যস্ত কারিগররা। তাঁরা জানালেন, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে। তাই দম ফেলারও সময় নেই তাঁদের। কেউ করছেন রঙের কাজ, কেউ ব্যস্ত বিদ্যুতের লাইন তৈরিতে। বসে থাকার জো নেই কারও।প্রতিবছরের মতো এ বছরও লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হবে অমর একুশে বইমেলা। তাই স্টলের কাজে কোনো ভুল যেন না হয়, তা দেখতে তদারকি চলছে পুরোদমে।এদিকে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশকদের একটি অংশ শুরুতে বইমেলা নিয়ে দ্বিমত প্রকাশ করলেও এখন সবাই একমত হয়েছেন।অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সেলিম রেজা বলেন, ঈদের পরে এটি বাস্তবসম্মত সময় নয়। সেই প্রেক্ষিতে ওনারাও সম্মত হয়েছেন যে এ সময় মেলা করলে নিশ্চয়ই সমস্যা হবে না। সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত হলো যে ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলা চলবে। আমি আশাবাদী, সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর একটি মেলা আমরা করতে পারব। উল্লেখ্য, মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনে শুরু হবে সকাল ৯টা থেকে।
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫২:৩৫
বায়ুদূষণে দ্বিতীয় শীর্ষে ঢাকা
বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের
লাহোর। রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক
প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর
মান ৪০৬, যা ‘দুর্যোগপূর্ণ’
মানদণ্ডে পড়ে। এ ছাড়া ৩২২ স্কোরে দ্বিতীয় অবস্থানে
থাকা ঢাকার বাতাসও ‘দুর্যোগপূর্ণ’।তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের কলকাতা। ২১২
স্কোরে থাকা শহরটির বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। ২০৮ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতে
দিল্লি। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।এ ছাড়া ১৬৩ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে কাতারের দোহা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর
মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়
বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি
হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।