শামীম আহমেদ জয়, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ রাত ১০:৫৬:২৭
মতলব উত্তরে বিনামূল্যে পাট ও আউশ বীজ-সার বিতরণের উদ্বোধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, আউশ বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে পাট ও আউশের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন, মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব আলম লাভলু, সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, কৃষক আব্দুল আউয়াল এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, এ কর্মসূচির আওতায় ৩০০ জন কৃষককে ৫ কেজি করে উফশী আউশ বীজ, ১০-২০ কেজি ডিএপি এবং ১০-২০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া ১০০ জন কৃষককে ১ কেজি করে উফশী পাট বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং পাট ও আউশ ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।