শামীম আহমেদ জয়, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ রাত ১০:৫৭:০৪
মতলব উত্তরে অভিযানে ৮০০ কেজি জাটকা ও পোনা মাছ জব্দ, দুস্থদের মাঝে বিতরণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিভিন্ন মাছের আড়ৎ ও বাজারে অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
রোববার (৫ এপ্রিল) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
মৎস্য বিভাগ জানায়, “জাটকা রক্ষা অভিযান-২০২৬”-এর আওতায় ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বাবুরবাজার আড়ৎ, এখলাশপুর আড়ৎ ও ছেংগারচর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ জনকে আটক করা হয় এবং ৮০০ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা মাছ জব্দ করা হয়। আটক ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মতলব উত্তর থানার এএসআই মো. আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রয়েছে। জাটকা রক্ষায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।