কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা, তাদের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলসহ বিভিন্ন তৎপরতার প্রেক্ষাপটে পুলিশপ্রধানের এই নির্দেশনা এলো।রোববার (২২ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় আইজিপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।বাহারুল আলম চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যও মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, যে কোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।পুলিশপ্রধান মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, যে কোনো মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে।তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৩:০৬:৩২
রাজধানীর যেসব এলাকায় সোমবার ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে
গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সোমবার রাজধানীর কিছু এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক এবং রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।এই সময়ে ওই এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প— সব শ্রেণির গ্রাহকই সাময়িকভাবে কম চাপের গ্যাস সরবরাহ পেতে পারেন। পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন কাজের সময় সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কারিগরি কাজ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের স্বাভাবিক সরবরাহ আবার চালু হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০১:৩৪:০৯
মোহাম্মদপুরে সমন্বয়ককে কুপিয়ে জখম, পঙ্গু হাসপাতালে ভর্তি
রাজধানীর মোহাম্মদপুরে ইব্রাহিম নামে এক সমন্বয়ককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে (নিটোর) ভর্তি করা হয়েছে। আহত ইব্রাহিমের বন্ধুদের বরাত দিয়ে জানা গেছে, রবিবার (২২ ফেব্রুয়ারি) তারাবির নামাজের পর ইব্রাহিম ও তার বন্ধুরা মিলে স্থানীয় একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় চড়ে আসা ৩-৪ জন দুর্বৃত্ত অতর্কিতে ইব্রাহিমকে লক্ষ্য করে হামলা চালায়। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। উপস্থিত লোকজন তাদের ধাওয়া দিলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার শরীরে একাধিক গভীর ক্ষত রয়েছে বলে জানা গেছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০১:৩১:৩৯
১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন
রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।রবিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক মেসেজে এ তথ্য জানান।বার্তায় বলা হয়, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০১:২৭:৫৫
রাজধানীর পান্থপথে বিএনপির ওয়ার্ড নেতা গুলিবিদ্ধ
রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পার্শ্বে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে ওয়ার্ড বিএনপির এক নেতা আহত হয়েছেন। আহত শফিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পার্শ্বে জুতার মার্কেটের সামনে এই গুলির ঘটনা ঘটে।আহত শফিকুর রহমান ও তাঁকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সরবরাহ করেন।তাঁরা দাবি করেন, কয়েক দিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুরের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজেরাই তাঁকে হাতেনাতে পেয়ে তাঁর কাছে আবারও চাঁদা দাবি করে এবং তাদের ফোন না ধরার কারণ জানতে চায়। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।ঘটনার পর আহত শফিকুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। তাঁর বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছে।চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর বাম হাতে তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা-পুলিশ তদন্ত করছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০১:১৮:১৭
বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য দেখতে পেরে ভালো লাগছে: রাষ্ট্রদূত
দেশের নিত্যপণ্যের বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।এসময় বাজারে বিভিন্ন মার্কিন পণ্য দেখে খুশি হন তিনি।বিষয়টি জানিয়েছে মার্কিন দূতাবাস।রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে এক পোস্টে রাষ্ট্রদূতের বাজার পরিদর্শনের ছবিও প্রকাশ করা হয়।ছবিতে দেখা যায়, বাংলাদেশের বাজারের মার্কিন পণ্য হাতে নিয়ে হাসছেন ক্রিস্টেনসেন।দূতাবাস ওই পোস্টে বাজার নিয়ে করা ক্রিস্টেনসেনের মন্তব্যও প্রকাশ করে।ক্রিস্টেনসেন বলেন, ‘বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেরে ভালো লাগছে।‘রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।’এদিকে রমজানকে সামনে রেখে দেশে বিভিন্ন আমদানিকৃত পণ্যের চাহিদা বেড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আসা খেজুর, বাদাম ও বিভিন্ন পানীয়ও রয়েছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২:২৪:১৯
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকটি পদে রদবদল আনা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এই সংক্রান্ত আদেশ জারি হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। এরআগে তিনি আর্টডকের জিওসি ছিলেন।পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাসদর দফতরে রয়েছেন তিনি।এদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এরআগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তিনি।এছাড়া বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:২০:১৪
‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন: ইয়াও ওয়েন
নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার কথা জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা বলেন। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন। নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন। এ সময় তিস্তা প্রকল্প নিয়েও কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, তিস্তা প্রজেক্ট সম্পর্কে কথা হয়েছে। প্রজেক্টটি এখন বাংলাদেশের ওপর নির্ভর করছে। চীন প্রস্তুত আছে। তিস্তা প্রজেক্ট নিয়ে চীন আশাবাদী। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। নতুন সরকারের সঙ্গে চীন স্থিতিশীল সরকার পরিচালনার ক্ষেত্রে কাজ করতে চায়। তারেক রহমানকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে চীন, দ্রুতই এ সফর হবে বলে আশাবাদ জানান রাষ্ট্রদূত। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। সেটি উন্নত করেছেন খালেদা জিয়া, এই সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা চীনের।
২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৫০:০৮
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন। প্রণয় ভার্মা বলেন, ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে। এরমধ্যে ভিসা চালুর বিষয়টিও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা। বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও। তবে তিনি সাংবাদিকদের কাছে বৈঠক বিষয়ে কোনো মন্তব্য করেননি।
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৬:৫৫
পুরনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পাঁচ দিনের মাথায় নিজের পুরনো কর্মস্থলে ফিরলেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৩ ফেব্রুয়ারি) মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে যান তিনি। বিষয়টি নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন নোবেলজয়ী এই অধ্যাপক।পোস্টে জানানো হয়, মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালে ড. ইউনূসকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।চলতি মাসের শেষ নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান সাবেক এই প্রধান উপদেষ্টা।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ড. মুহাম্মদ ইউনূসকে সে সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। গত দেড় বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এই নোবেল বিজয়ী। অবশেষে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। গঠিত হয় নতুন সরকার। ১৭ ফেব্রুয়ারি সেই নতুন সরকার হিসেবে ক্ষমতায় আসা বিএনপির কাছে দায়িত্ব হস্তান্তর করেন ড. ইউনূস।
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১২:০৬
বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমলো ১৬ টাকা
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস তেলের দাম লিটারে ১৫ টাকা ৯০ পয়সা কমিয়েছে সরকার। রোববার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও অন্য গ্রাহকদের কাছে প্রতি লিটার ফার্নেস তেল ৭১ টাকা ১০ পয়সা দরে বিক্রি করবে।এর আগে প্রতি লিটার ৮৬ টাকা দরে বিক্রি করা হতো।রোববার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করা হয়েছে।ফার্নেস অয়েল (এইচএফও)-এর মূল্য হার পুনর্নির্ধারণের জন্য বিপিসি ২০২৫ সালের ২০ জানুয়ারি কমিশনে প্রস্তাব দাখিল করে। এই প্রস্তাবের ধারাবাহিকতায় মেঘনা পেট্রোলিয়াম, স্টান্ডার্ড এশিয়াটিক অয়েল, যমুনা অয়েল কোম্পানি এবং পদ্মা অয়েল কোম্পানি ফার্নেস তেলের বিপণনে কোম্পানির বিপণন চার্জ এবং সমন্বিত পরিবহন চার্জ বৃদ্ধির প্রস্তাব কমিশনে জমা দেয়। এই প্রস্তাবগুলোর ওপর গত ২৯ জানুয়ারি কমিশন গণশুনানি গ্রহণ করে।বিইআরসি জানায়, বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ করে বিপিসির ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্য হার, ফার্নেস অয়েল বিপণনে তেল বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং সমন্বিত পরিবহন চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে।বিইআরসি আরও জানায়, ফার্নেস অয়েল বিপণনে পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল এর বিপণন চার্জ প্রতি লিটার শূন্য দশমিক ৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১ দশমিক ২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৬:৪১
১২ মার্চ বসবে সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ অধিবেশন আগামী ১২ মার্চ বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি।রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওইদিন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের এক দিন পরেই বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সে হিসাবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি।ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। তাকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। তবে বিএনপি এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করেনি।তবে সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সংসদে বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:১১
হাসিনাসহ ৬ আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় আসামিকে আদালতে হাজির করতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এ মামলায় হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, এসবির প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির নাম তাজ মঞ্জিল হলেও ভবনের আকৃতির কারণে স্থানীয়রা একে জাহাজবাড়ি বলেন, আর সেই নাম সংবাদমাধ্যমেও উঠে আসে।অভিযান শেষে সন্দেহভাজন নয় ‘জঙ্গির’ নিহত হওয়ার খবর আসে। হাসান নামে একজন গুলিবিদ্ধ অবস্থায় আটক হন। পালিয়ে যান একজন। তারা সবাই নব্য জেএমবির সদস্য বলে দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। সেই মামলায় ১০ জনকে আসামি করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।এদিকে, ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই ঘটনার ভিন্ন ভাষ্য আসতে থাকে। এর মধ্যে গত বছরের ৬ মার্চ ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণ হত্যা মামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়।
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৬:২৮
১৪ এপ্রিলের আগে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন: ইসি
আগামী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন
অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।২২ ফেব্রুয়ারি রোববার ইসি ভবনে নিজ দপ্তর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আব্দুর রহমানেল মাছউদ বলেন, ঝড়-বৃষ্টির কারণে আমরা পরিকল্পনা করছি বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই নির্বাচন আয়োজন করব।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে
নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনি
এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন।
ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।এছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত
রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত
মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ
(আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত রাখে ইসি।
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪০:০৮
আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না: শিক্ষামন্ত্রী
আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না এমন অঙ্গীকা করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না। এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখবো। সব সেক্টর দুর্নীতিমুক্ত রাখবো।২২ ফেব্রুয়ারি রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হবে। রাজনীতিমুক্ত মন্ত্রণালয় হবে। এই দুটি বিষয় থেকে মন্ত্রণালয়মুক্ত রাখবো। আমরা যেকোনো সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেব।এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।