নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬ রাত ০৭:৪৮:২৪
ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন খালিদ মুনসুর
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
ডিএমপির পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ওসি খালিদ মুনসুরের হাতে পুরস্কার তুলে দেন।
মে মাসে বিভিন্ন অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি খালিদ মুনসুর বলেন, এই অর্জন তার পেশাগত জীবনকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। এ সাফল্যের পেছনে সহযোগিতার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্য এবং উত্তরাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ডিএমপির বিভিন্ন ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা অংশ নেন।