নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৬ সকাল ১১:১০:৫৯
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৩
আফগানিস্তানের তিনটি প্রদেশে ্ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতে ওই হামলায় ১৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, বুধবার (১০ জুন) তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে এ হামলা চালানো হয়। হামলায় ১১ শিশু, এক নারী এবং এক বয়স্ক ব্যক্তি নিহত হন। তবে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে বড় ধরনের সংঘর্ষে জড়ায় পাকিস্তান ও আফগানিস্তান। এরপর নিয়মিত বিরতিতে হামলা-পাল্টা হামলা চলছে। এতে দুই দেশের কয়েকশ মানুষ হতাহত হয়েছে।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী, বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির ভেতর হামলা চালিয়ে আসছে। আফগান সরকার তাদের আশ্রয় দিচ্ছে। যদিও কাবুল বারবার এ অভিযোগ অস্বীকার করছে আসছে।
টিটিপি আফগান তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও এটি একটি আলাদা সংগঠন।