আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬ রাত ০৭:০৩:২৫
হরমুজ প্রণালি খুলছে শুক্রবার: ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির শর্তানুযায়ী আগামী শুক্রবারের (১৯ জুন) মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ-এ আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প এই ঐতিহাসিক ঘোষণা দেন।
তিনি জানান, কৌশলগত এই জলপথটি ইতিমধ্যেই আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। তবে বর্তমানে সেখানে পেতে রাখা কিছু সামুদ্রিক মাইন খোঁজা এবং তা নিষ্ক্রিয় করার কাজ চলছে, যা শুক্রবারের মধ্যেই পুরোপুরি সম্পন্ন হবে।
হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় যুক্তরাজ্য এবং ফ্রান্সের পক্ষ থেকে একটি যৌথ নৌ মিশন পরিচালনার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা নাকচ করে দিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রণালিটি চালু রাখতে যুক্তরাষ্ট্রের খুব বেশি বাইরের সহায়তার প্রয়োজন হবে না। তবে এই কৌশলগত জলপথে অন্যান্য দেশ থেকে এক বা দুটি জাহাজ মোতায়েন ‘খারাপ কোনো ধারণা’ নয় বলেও মন্তব্য করেন তিনি।
পৃথকভাবে সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশলে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ‘হরমুজ প্রণালি থেকে জাহাজগুলো চলতে শুরু করেছে, যেগুলোর অনেকগুলোই তেলে বোঝাই’।
কিন্তু জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি তেমন নয়। চুক্তিতে কী আছে তা নিয়ে অনিশ্চয়তা এবং অন্যান্য ঝুঁকির কারণে কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে জাহাজ সংস্থাগুলো। ফলে এই গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথটি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত তেল-গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল ইরান। বিশ্বের মোট তেল-গ্যাস রপ্তানির প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়। তবে ইরান-যুক্তরাষ্ট্রে শান্তিচুক্তির ফলে প্রণালিটি খুলে যাওয়ার ঘোষণা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় স্বস্তি এনেছে।
সূত্র: সিএনএন, এনডিটিভি