নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬ রাত ০৬:৩৫:৩৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু ২৫ জুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন আগামী ২৫ জুন থেকে শুরু হবে। অনলাইনে আবেদন করা যাবে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত।
রোববার (২১ জুন) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত চার বছর মেয়াদি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আবেদন ফি জমা দেওয়ার পর আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট গ্রুপভিত্তিক বিষয়ে প্রশ্ন থাকবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫।
যোগ্যতার ক্ষেত্রে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বিদেশি সনদধারী শিক্ষার্থীদের জন্যও নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
মেধাতালিকা প্রস্তুতের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আরও ১০০ নম্বর যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা হলেও চূড়ান্ত ভর্তি, নিবন্ধন ও অন্যান্য খাত মিলিয়ে শিক্ষার্থীদের মোট ১৫ হাজার ১৪৫ টাকা পরিশোধ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা থাকবে না। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।