মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশ : ২৬ মে ২০২৬ রাত ০৬:৩৯:১২
পাহাড়ি ঢলে কমলগঞ্জের দুই গ্রাম প্লাবিত
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলের পানির চাপ বেড়ে যায়। একপর্যায়ে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে প্রবল বেগে পানি আশপাশের লোকালয়ে ঢুকে পড়ে।
এতে ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ছনগাঁও-ভানুবিল সড়ক। অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া কয়েকটি গ্রামের সড়ক পানির নিচে ডুবে যাওয়ায় স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, আকস্মিক ঢলের পানিতে তাদের বসতবাড়ির আঙিনা প্লাবিত হয়েছে। সকাল থেকে অনেককে হাঁটুপানির মধ্যে চলাচল করতে দেখা গেছে।
ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন এবং ছনগাঁও গ্রামের রাধা কান্ত সিংহ জানান, হঠাৎ ঢলের পানি ঢুকে তাদের ঘরবাড়ির ক্ষতি করেছে। এ বিষয়ে আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, “আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা তলিয়ে গেছে। গ্রামের সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দুই গ্রামের পরিস্থিতির খবর পাওয়া গেছে। প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”